ডিএনএন ডেস্ক: জাতীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একই সঙ্গে কমিশনের নতুন দুই তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে।আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এই পদে নিয়োগের বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁদের এসব পদে নিয়োগ প্রদান করেছেন।
মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবাগত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়াদি সরকার কর্তৃক নির্ধারিত হবে।