স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার হয়েছেন। শুক্রবার সন্ধায় তাকে নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রামস্থ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব। রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক রয়েছেন। গত ৫ আগস্ট তার নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের বিরুদ্ধে রাজশাহী নাগরীতে জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।