৮ অগ্রহায়ণ, ১৪৩৩
২৩ নভেম্বর, ২০২৬
News Banner

দীর্ঘ বিরতি কাটিয়ে নাটকে ফিরলেন ফারিণ

Admin Published: November 22, 2026, 2:11 pm
দীর্ঘ বিরতি কাটিয়ে নাটকে ফিরলেন ফারিণ

ডিএনএন ডেস্ক: দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দার নাটকে ফিরছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গী হয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে জোভান ও ফারিণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা রাজ। তবে এ নাটকের মধ্য দিয়ে শুধু দীর্ঘদিন পর জোভানের সঙ্গে জুটি বাঁধছেন না ফারিণ, ফিরছেন ছোটপর্দার অভিনয়েও। ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার পর নিয়মিত নাটকে দেখা যায়নি তাঁকে।


সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন এ অভিনেত্রী। চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন ফারিণ। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ফলে তিন বছরের বেশি সময় ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ বিরতি শেষে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এ জনপ্রিয় জুটি।