ডিএনএন ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (১৪ জুন) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঠাকুরগাঁওয়ের তামান্না আক্তার (২৭), চালকের সহকারী আমিনুল ইসলাম (৪০) ও নওগাঁর রাজীব ভূঁইয়া (৩০)। বাকি নিহত ও আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়ে ছিল। পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, ‘রাত ৩টার পর দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি। আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
‘পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’