৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ১৫৯

Admin Published: June 27, 2025, 6:28 pm
একদিনে ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ১৫৯

ডিএনএন ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতি দেশে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দুইজন পুরুষের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের একজনের বয়স ৭২ বছর, অপরজনের বয়স ৫০ বছর।


এ সময়ে নতুন করে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


শুক্রবার (২৭ জুন) সকাল ৮টায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দেশের মধ্যে সর্বাধিক ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে।


এছাড়া ঢাকা মহানগরে ২১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯,২২২ জন এবং মোট মৃত্যু ৪০ জনে পৌঁছেছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী।


বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গুর সংক্রমণও দ্রুত বাড়তে থাকে। তাই এখনই সময় ঘরবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার এবং মশার প্রজননস্থল ধ্বংস করার। একইসঙ্গে প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও চিকিৎসা-সতর্কতা।