৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ফেসবুকে পুরোনো ভিডিও দিয়ে ভুয়া খবর প্রচার করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

Admin Published: November 2, 2024, 4:14 pm
ফেসবুকে পুরোনো ভিডিও দিয়ে ভুয়া  খবর প্রচার করায় ছাত্রলীগ  কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :  ফেসবুকে ভুয়া ও মিথ্যা খবর প্রচারের অভিযোগে সাইফুল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাইফুল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের কর্মী। শনিবার আরএমপি সদর দফতরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবিনা ইয়াসমিন বলেন, গত ২৯ আগস্ট কয়েকটি ফেসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ‘মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতির সঞ্চার ঘটে এবং উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়া দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসে। এরপর তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই-বাছাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখে যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা পুরোনো মিছিলের ভিডিওতে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে এই ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। তখন এর পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং তা নোয়াখালীর সেনবাগ থানায় পাঠানো হয়।

আরএমপির তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে সাইফুল নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের কর্মি বলে স্বীকার করে। 

৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেসবুক পেইজসহ আরও বিভিন্ন ফেসবুক পেজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করতে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছিলো।