৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সরকারের যে-সব প্রস্তুতি

Admin Published: October 24, 2024, 11:49 am
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সরকারের যে-সব প্রস্তুতি

ডিএনএন ডেস্ক :  ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে সরকার। স্ট্যান্ডিং অর্ডার অন ডিজ্যাস্টার (এসওডি) অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন উপকূলীয় জেলার জেলা প্রশাসকগণ।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার জেলা প্রশাসকগণ স্ব-স্ব সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের।  


এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম যে সব কার্যক্রম নেওয়া দরকার সেগুলো গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।


ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।