স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানির রাজশাহীর একটি অভিযানিক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার কবুতরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-৫ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কবুতরপাড়া গ্রামের একটি স্থানে প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় থাকার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন।
এসআরবি জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।