৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

জনবহুল এলাকায় যুদ্ধবিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Admin Published: July 22, 2025, 1:17 pm
জনবহুল এলাকায় যুদ্ধবিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ডিএনএন ডেস্ক: ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান ও অন্যান্য বিমান উড্ডয়ন নিষিদ্ধের দাবি জানিয়ে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। একই সঙ্গে উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এ রিট দায়ের করেন।


বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ দুপুর ১টায় রিট আবেদনটির শুনানির সময় নির্ধারণ করেছেন।


এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।


জনবহুল এলাকায় যুদ্ধবিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট

‘ফ্রেম পুরোনো হলেও ইঞ্জিন আপডেট করা হয়েছিল’

রিট আবেদনে বিমানবাহিনীর ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে—তা জানতে চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।


এ ছাড়া রিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আগুনে পুড়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা করে এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে।


এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।


মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। নিহত বাকি দুজনের মধ্যে একজন পাইলট, অন্যজন শিক্ষিকা বলে জানান তিনি।


অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুজন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।