৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

Admin Published: November 1, 2024, 12:03 pm
মোহনপুরে সড়ক দুর্ঘটনায়  সেনা সদস্যসহ দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও একজন ইমাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও খড়বোঝাই নসিমনের সংঘর্ষে এই দুজন নিহত হন। দুর্ঘটনার পর সিনএনজিচালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন মো. পলাশ (২২) ও আব্দুল কুদ্দুস (৪০)। এরমধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। আর আব্দুল কুদ্দুস মোহনপুর উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি নওগাঁর রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রাজশাহীর দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নওগাঁ যাচ্ছিল। রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া নামক স্থানে পৌঁছালে সিএনজি চালিত অটোরিকশা আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে সড়কের ওপর ছিটকে পড়েন পলাশ ও আব্দুল কুদ্দুস যান। দুর্ঘটনায় তাদের দুজনেরই মাথায়, হাতে ও পায়ে মারাত্মক জখম হয়। মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, সিএনজিচালিত অটোরিকশা আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ওই দুজন সড়কের ওপর ছিটকে পড়েন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করা হয়েছে।