৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে যেভাবে সাভার গেলেন মাহিরা

Admin Published: June 30, 2025, 1:23 pm
পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে যেভাবে সাভার গেলেন মাহিরা

ডিএনএন ডেস্ক: রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন মাহিরা বিনতে মারুফ পুলি। প্রায় ১৫-১৬ ঘণ্টা পর তাকে সাভার থেকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে কীভাবে সাভার গেলেন মাহিরা? এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


রোববার (২৯ জুন) রাতে তাকে সাভার থেকে উদ্ধার করা হয়েছে।


র‍্যাবকে মাহিরা জানান, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সাভারের নির্জন একটি স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পর তার জ্ঞান ফেরে।


তিনি দাবি করে বলেন, পোশাক পরিবর্তনের জন্য মাহিরাকে একটি পোশাক দেওয়া হয়। এই সুযোগে তিনি ওই স্থান থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি জঙ্গল দিয়ে দৌড়াতে থাকেন। একপর্যায়ে রাস্তায় তিনি র‍্যাবের গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়।


র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাহিরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে সে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে তদন্ত শেষে।


উল্লেখ্য, এদিন সকাল ৮টার দিকে ঢাকা মহানগরীর ভাটারা এলাকার বাসা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বের হয় মাহিরা। সে মিরপুর সরকারি বাঙলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।


পরিবারের দাবি, তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল দুপুর ১টার দিকে। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাহিরা বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।


পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে গেলে জানতে পারেন, মাহিরা সেদিন কেন্দ্রেই উপস্থিত হয়নি। পরে সন্ধ্যায় তারা রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।