৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী বেতারে বৈষম্য দূর করার দাবি, কর্মবিরতির হুঁশিয়ারি

Admin Published: August 19, 2024, 5:50 pm
রাজশাহী বেতারে বৈষম্য দূর করার  দাবি, কর্মবিরতির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার : কর্মক্ষেত্রে বৈষম্য দূর না করলে রাজশাহী বেতারে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্রের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে কর্মকর্তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাংলাদেশ বেতার রাজশাহীর বৈষম্যবিরোধী সমন্বয়ক কমিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি চলাকালে ‘ব্যাচভিত্তিক প্রমোশন চাই, বৈষম্যের অবসান চাই’, ‘তথ্য ক্যাডারে বিভাজন, সমতার লঙ্ঘন’ ও ‘ক্যাডার সার্ভিসে ন্যূনতম তৃতীয় গ্রেডে পদোন্নতি নিশ্চিত করতে হবে’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারী কর্মকর্তারা।

এ ছাড়া কর্মসূচিতে প্রস্তাবিত নন-ক্যাডার নিয়োগবিধি ফেরতপূর্বক অভিন্ন নিয়োগবিধি সাত কর্মদিবসের মধ্যে প্রণয়ন ও বাস্তবায়ন, সচিবালয়ের ন্যায় পদ-পদবি বাস্তবায়ন এবং ব্লক পদে পদোন্নতি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচিসহ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেওয়া হয়।

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীনসহ কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।