স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতরে ব্যাগভর্তি এই টাকা পাওয়া যায়। বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন থানায় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন।
থানায় টাকা জমা দিতে গিয়েছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন। তাদের বাড়ি ভদ্রা এলাকায়। আকাশ বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। রাতের ডিউটি শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন।
আকাশ আলী আরও বলেন, ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ১০০০ টাকার নোটের ১৮টি বান্ডিল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে তারা সোনালি রঙের একটি ধাতব বস্তুও পান। ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। এটি কোনো সংকেত বলে তাঁরা ধারণা করছেন। এ সবই তাঁরা থানায় ম্যাজিস্ট্রেট ডেকে তাঁর উপস্থিতিতে জমা দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি এই টাকার মালিক কে, এগুলো অবৈধ টাকা কি না, কিংবা কোনো অপরাধী এ টাকা বহন করার সময় পড়ে গেছে কি না, তা তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।