৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ৩৪ ভূমি মালিক পেলেন ১২ কোটি ২২ লাখ টাকা ক্ষতিপূরণের চেক

Admin Published: October 22, 2024, 4:31 pm
রাজশাহীতে ৩৪ ভূমি মালিক পেলেন ১২ কোটি ২২ লাখ টাকা ক্ষতিপূরণের চেক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ ৩৪ ভূমি মালিককে ১২ কোটি ২২ লাখ ২২ হাজার ২১১ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুওে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার জানান, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণ করলে ওই এলাকায় প্রকৃত মূল্যের তিনগুণ টাকা ভূমি মালিককে দেওয়া হয়। এরই অংশ হিসেবে রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩৪ জন ভূমির মালিক। মঙ্গলবার তাদের হাতে ১২ কোটি ২২ লাখ ২২ হাজার ২১১ টাকার চেক দেওয়া হয়েছে।

এ সময় ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।

চেক পাওয়া এক ব্যক্তি বলেন, কোন দালালদের মাধ্যম ছাড়ায় নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই ক্ষতিপূরণের ১ কোটি ৬ লাখ ৭০ হাজার ৮৬৬ টাকার চেক হাতে পেলাম। এতে তিনি খুশি বলে জানান।