৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি চালানো রুবেল ফের রিমান্ডে

Admin Published: September 19, 2024, 5:22 pm
রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলি চালানো রুবেল ফের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার ওপর দুই হাতে দুই পিস্তলের গুলি চালানো রাজশাহী মহানগর যুবলীগের নির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম রুবেলের (৪১) দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ রুবেলকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. ফয়সল তারেক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার পুলিশ রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেলের নামে এরই মধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাব অভিযান চালিয়ে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করে। দুই হাতে গুলি চালানো এই রুবেল ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। জহিরুল ইসলাম রুবেলের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।