৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহীতে এক সপ্তাহে ৫০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতি

Admin Published: July 28, 2024, 5:50 pm
রাজশাহীতে এক সপ্তাহে ৫০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতি

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী চলমান  সঙ্কটে গত এক সপ্তাহে রাজশাহীতে অন্তত ৫০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন ছোট-বড় ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা।
রাজশাহীর ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের জেরে ১৮ জুলাই থেকে রাজশাহীতে শুরু হয় শাটডাউন। এর দুদিন পর জারি হয় কার্ফ্যু। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য। বেশিরভাগ সময় বন্ধ থাকছে শপিংমল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট।
রাজশাহীর একটি শো-রুমের ম্যানেজার বলেন মানুষ নাই। রাস্তাঘাট ফাঁকা। একটা ভয়াবহ পরিস্থিতি পার করছি। রাজশাহী আরডিএ মার্কেটের দোকানি সিরাজুল ইসলাম বলেন, ৮ দিনে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। আজকে বিক্রি হয়েছে কিছুটা। এভাবে ব্যবসা-বাণিজ্য চলতে থাকলে খুব খারাপ হবে। আমাদের দোকান ভাড়া, কর্মচারীদের ভাড়া আছে। কিভাবে এসব মেটাবো বুঝতে পারছি না।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান বলেন, চলমান সংকটের কারণে রাজশাহীতে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছি। অচল অবস্থা কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক কষ্টের।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, গেল এক সপ্তাহে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে অন্তত ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কারফিউ শিথিল অবস্থাতেও প্রতিদিন অন্তত ৫০-৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।