স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভায় অপ্রয়োজনীয় সকল ব্যয় নিয়ন্ত্রণ করার তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগর ভবনের সচিবের কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় তিনি রাসিককে আর্থিকভাবে সবল করতে অপ্রয়োজনীয় সকল ব্যয় নিয়ন্ত্রণ ও আদায় কার্যক্রম জোরদার করতে কর্মকর্তাদের তাগিদ দেন। তিনি বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাসিক। নাগরিক সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারি-বেসরকারি হোল্ডিং কর আদায়, বাণিজ্যিক লাইসেন্স, ইজারা, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স, সিনেপ্লেক্সসহ আয়ের খাতগুলোর আদায় কার্যক্রম জোরদার করতে হবে। নগরের সড়কবাতির বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রকৃত আয় ও ব্যয় নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সংস্থার বকেয়া দাবি পরিশোধ প্রসঙ্গে আলোচনা হয়। ৩০টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরদের সম্মানী, কার্যালয়ের ভাড়া ও অফিস ব্যবস্থাপনা খরচ বিষয়েও আলোচনা করা হয়। জরুরি কাজে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সামগ্রী কেনার ব্যাপারেও আলোচনা হয়।
এছাড়া সড়কবাতির বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে আনার প্রসঙ্গে আলোচনা হয়। সিটি করপোরেশনের কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানী ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা ও পরিবহন শাখায় নতুন সরবরাহকৃত যন্ত্রপাতির ভাড়া নির্ধারণ প্রসঙ্গেও আলোচনা করা হয় এই সভায়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মোবারক হোসেন, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক; কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।#