পাবনা প্রতিনিধি : রাত থেকে নিখোঁজ ছিলেন গরু ব্যবসায়ী কুদ্দুস আলী শেখ (৫৫)। স্বজনরা খোঁজ করে তার সন্ধান পায়নি। কিন্তু পরদিন সকালে বাড়ির পাশে পুকুরের পাড় থেকে তার লাশ পাওয়া যায়। এমন ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে। রবিবার (১৯ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কুদ্দুস আলী শেখ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুরত আলী শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসা করতেন। গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টা খেতের ভেতর তাস দিয়ে জুয়া খেলছিল। সে সময় কেউ একজন মুঠো ফোনে তাদের বলে পুলিশ যাচ্ছে। এমন খবরে সবাই সেই আসর থেকে দৌঁড়ে পালিয়ে যায়। সে সময় কুদ্দুস দৌঁড় দিয়েছিল কিনা কেউ খেয়াল করেনি বলে জানান সে সময় তার সাথে থাকা তারই নিকট এক আত্মীয়।
নিহতের স্ত্রী মাহমুদা অক্তার জানান, রাতে তার স্বামী কুদ্দুস আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। রবিবার সকালে ভুট্টা ক্ষেতের পাশে পুকুরপাড় থেকে তাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তার শরীরের কয়েকটি স্থানে পোড়া ছিলো বলে দাবি স্ত্রী মাহমুদার।
এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (এস আই) ফাহাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।