৪ আশ্বিন, ১৪৩৩
১৯ সেপ্টেম্বর, ২০২৬

সন্তানদের নিয়ে বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

Admin Published: September 19, 2026, 9:14 am
সন্তানদের নিয়ে বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

ডিএনএন ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাদাঘাট বাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের কোনো একসময় ওই বাবা তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকে মৃত ঘোষণা করেন।


অন্যদিকে, বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।


বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, ‘খুব ভোরে খবর পেয়ে আমরা বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পাই। গুরুতর আহত বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।’


ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।