ডিএনএন ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি ছিল বিজি ৫৮৪, যা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের একটি বিমান। শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু ২৫০০ ফুট উচ্চতায় ওঠার পর পাইলট ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার ইঙ্গিত পেয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্লাইটটি নিরাপদে ফিরে এসেছে। বিমানে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। সবাই নিরাপদ ও সুস্থ আছেন।
প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের আশঙ্কা করা হলেও রানওয়েতে কোনো পাখি বা অনাকাঙ্ক্ষিত বস্তুর চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অবতরণের পরপরই সংশ্লিষ্ট টিম রানওয়ের পরিদর্শন করে।
বিমান কতৃপক্ষ জানিয়েছে, বিমানটির কারিগরি পর্যালোচনা চলছে। পরবর্তী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে নেওয়া হবে।
এ ঘটনার কারণে ফ্লাইট সূচিতে বড় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, যাত্রীদের জীবন রক্ষা করে পাইলটের সময়োচিত সিদ্ধান্ত ও দক্ষতার জন্য তাঁকে প্রশংসা করছেন যাত্রীরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।