৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম আছি : লিটন

Admin Published: July 26, 2024, 5:01 pm
যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম আছি : লিটন

স্টাফ  রিপোর্টার : রাজশাহীকে নিরাপদ রেখেছি মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,  জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, এখনো আছি।

সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার বিশেষ মোনাজাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর সকল মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে লক্ষ্য রাখছিলাম। আমাদের কাছে মনেই হচ্ছিল, এটা হয়তো ভিন্নখাতে প্রবাহিত হবে এবং কয়েকদিন যেতে না যেতেই সেটা প্রমাণিত হতে শুরু করলো। তখন থেকে আমরা সতর্ক ছিলাম। রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরে নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে ছিলাম। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার্থে ও যাতে কেউ অরাজকতা করতে না পেরে সেজন্য আমরা মাঠে ছিলাম। আমরা এতে সফল হয়েছি। রাজশাহীর শান্তিপ্রিয় মানুষ আমাদের সমর্থন দিয়েছেন।

লিটন আরো বলেন, বিছিন্নভাবে আমাদের ওপর হামলা করার চেষ্টা করা হয়নি; তা নয়, বিভিন্ন অলি-গলি থেকে হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণকে সাথে নিয়ে আমাদের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়েছে। আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলেন। আমরা মাঠে আছি, সেভাবে আমরা এ পর্যন্ত রাজশাহীকে নিরাপদ রেখেছি। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। কারফিউ উঠে হলে আরো স্বাভাবিক হবে বলেও উল্লেখ করেন তিনি।

এরআগে নগরীর সাহেববাজার বড় মসজিদে দলীয় নেতাকর্মীদের নিয়ে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন লিটন। জুম্মার নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। কর্মসূচিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক এ্যাড. আসলাম সরকার, মীর ইশতিয়াক আহম্মেদ লিমনসহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।