১১ অগ্রহায়ণ, ১৪৩৩
২৫ নভেম্বর, ২০২৬
News Banner

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

Admin Published: November 24, 2026, 5:12 pm
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

ডিএনএন ডেস্ক: সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন করে মারা গেছে। এসময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। এসময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ২৫ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়কালে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।


১৫ মার্চ থেকে অদ্যাবধি হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।