ফাইল ফটো
মিজানুর রহমান, চারঘাট: আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহীর সীমান্ত এলাকায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দলটির এই কর্মসূচি ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে চারঘাট-বাঘা উপজেলায় আগামী ১৯ নভেম্বর সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি, পুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে সীমান্তে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনসহ একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত দলটির এমন ঘোষণার পরপরই রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা চারঘাট ও বাঘায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগের লকডাউন ও যেকোনো ধরনের অরাজকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির পক্ষ থেকে ১৯ নভেম্বর চারঘাট-বাঘা এলাকায় সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা রাজপথে অবস্থান নেবেন। এছাড়াও চারঘাট ও বাঘা উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় এই অঞ্চল দিয়ে অনুপ্রবেশের আশঙ্কাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী বা অন্য কেউ যাতে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা পুলিশ এবং পদ্মা নদী ও সংলগ্ন জলপথে নৌ-পুলিশের টহল ও তল্লাশি কয়েকগুণ বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। সীমান্তের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলে তেমন কোন ধরণের নৈরাজ্য বা নাশকতা খবর পাওয়া যায়নি। তবে কেউ যাতে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টি করে সরকারী সম্পদ নষ্ট বা জানমালের ক্ষয়ক্ষতিকরতে না পারে সেজন্য পুালিশ তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি পুলিশসহ সর্বাক্তক সর্তক অবস্থায় রয়েছে। রাত্রীকালিন টহল জোরদার, চেক পোষ্ট বুৃদ্ধিসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মাঠে রয়েছে।
বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানিয়েছেন, নৈরাজ সৃষ্টি বা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে পুলিশ ও বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে।
চারঘাট-বাঘা আসনের সাংসদ জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা অরাজকতা ঠেকাতে প্রশাসন ও রাজনৈতিক শক্তি সজাগ রয়েছে। রাজনৈতিক ভাবে গণহত্যা কারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলগের মোকাবেলা করতে বিএনপিসহ এদেশের সর্ব সাধারন মাঠে থাকবে।