ডিএনএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে নেমেছে।
সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের ক্রমবর্ধমান প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।’
ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
মঙ্গলবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে সম্ভবত আবারও সুদের হার বাড়াতে হবে। অন্যদিকে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।
সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং এর দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।
এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ‘ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীতে আগের বৈঠকে কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
তবে বুধবার প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি বছর এ পর্যন্ত ধাতুটির দাম কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স