৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার রাজশাহী নগর পুলিশের

Admin Published: July 1, 2025, 5:10 pm
প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার রাজশাহী নগর পুলিশের

স্টাফ রিপোর্টার : বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও জনগণের আস্থা অর্জনে কাজ করার প্রত্যয়ে জমকালো আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার আরএমপির সদর দফতরে অনুষ্ঠিত নানা কর্মসূচিতে জনগণের আস্থা অর্জনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাজশাহী নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে আরএমপি সদর দফতর চত্বরে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আরএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, সংকট কাটিয়ে পুলিশ এখন পূর্ণ মনোবল নিয়ে মানুষের আস্থা অর্জনে কাজ করছে। পুলিশ সবসময় জনগণের পাশে থেকেই কাজ করতে চায়। তিনি বলেন, ৫ আগস্টের পর আসা বিভিন্ন অভিযোগ তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করে মামলা নেওয়া হয়েছে, যাতে সাধারণ নাগরিক হয়রানির শিকার না হন। প্রকৃত অপরাধীকে শনাক্তে ফ্যাক্ট-ফাইন্ডিং চলছে। আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করছে। জনগণের প্রত্যাশা পূরণ করা লক্ষ্যে সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ কমিশনার বলেন, এক ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আজ নগরবাসীর আস্থার বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাকালীন মাত্র ৪টি থানা ও ১১৩৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরএমপি যা এখন ১২টি থানা ও ৩৪১৪ জন সদস্যের পরিবারে রূপ নিয়েছে।
সভায় অন্য বক্তারা বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিতে হবে পুলিশ বাহিনীকে। পুলিশ যেন কখনোই জনগণের প্রতিপক্ষ না হয়ে বন্ধু হিসেবে কাজ করে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার জিল্লুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামসহ আরএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৯২ সালের এই দিনে (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আরএমপি। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি রাজশাহী মহানগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।