৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

Admin Published: October 20, 2026, 5:08 pm
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান

ডিএনএন ডেস্ক: রাজধানীর ভাটারায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই অভিযান আজ মঙ্গলবার বিকেলে শেষ হয়।আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল চারটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি সূত্র বলছে, বাড়িটিতে ডিজে পার্টি চলতো এবং মাদকের আসর বসত।


সেখান থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যেই ২৬ জন নারী। সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন।


সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এসব পার্টির জন্য তাঁরা অনলাইনে বিজ্ঞাপন দিতেন। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে।


জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে ডিবি উত্তরের গোয়েন্দা সদস্যরা এ অভিযান শুরু করেন।


মঙ্গলবার বিকেলে অভিযান শেষ হয়। অভিযানে ডিবির প্রধান শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।


ডিবির একটি সূত্র জানায়, বাসাটিতে ডিজে পার্টির নামে মাদকের আসর বসত। এসব পার্টিতে তরুণ-তরুণী ছাড়াও বিভিন্ন বয়সী মানুষ অংশ নিতেন। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সংগ্রহ করা হতো।


খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তিনি পুলিশ সদর দপ্তরে ম্যান্টেনেইন্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তার বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে তাকে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।