৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম

Admin Published: October 20, 2026, 5:27 pm
বিশ্ববাজারে আবার কমলো স্বর্ণের দাম

ডিএনএন ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবার স্বর্ণের দামে পতন হয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতিবিষয়ক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পেতে ওই বৈঠকের সিদ্ধান্ত ও বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তারা।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।


বাজারসংশ্লিষ্টদের মতে, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে, এমন আশঙ্কা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।


সাধারণত সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে। এ কারণে ফেডের পরবর্তী নীতিগত সিদ্ধান্ত ও সুদের হার নিয়ে দেওয়া ইঙ্গিত স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


সূত্র: রয়টার্স