১২ অগ্রহায়ণ, ১৪৩৩
২৭ নভেম্বর, ২০২৬
News Banner

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

Admin Published: November 26, 2026, 11:01 pm
রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

ডিএনএন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে  মাত্র একজন ছাত্রীকে উপস্থিত পান তিনি। অন্য কক্ষগুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল নগণ্য। এ নিয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলেও সন্তোষজনক ব্যাখ্যা পাননি মন্ত্রী।


নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে আকাশপথে রাজশাহী আসেন শিক্ষামন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশে বিড়ালদহ কলেজ দেখে সেখানে আকস্মিক পরিদর্শনে যান। কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেন তিনি। এ সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান। অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম। বিশেষ করে ছাত্রদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।



একটি শ্রেণিকক্ষে গিয়ে এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ ওই শিক্ষক জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী রয়েছে। তাঁদের মোট শিক্ষার্থী ১৫ জন। মন্ত্রী জানতে চান, অন্য ছাত্রীরা আসে না কেন? জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ শিক্ষার্থীরা কেন কলেজে আসে না, জানতে চাইলে ওই শিক্ষক কোনো উত্তর দেননি।


এ সময় আরেক শিক্ষক বলেন, অন্য শিক্ষার্থীরা তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন। তবে কলেজের অন্যান্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’



জবাবে এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে থাকে। শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহার কথা স্বীকার করে ওই শিক্ষক বলেন, তাঁদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।


কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, তাঁদের কলেজে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্রী উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে কলেজে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে দাবি করেন তিনি।



অধ্যক্ষ বলেন, ‘আমার কলেজটা মহাসড়কের পাশে। এদিক দিয়ে যাওয়ার সময় মন্ত্রী মহোদয় হঠাৎ করে কলেজে ঢুকে পড়েছেন। বের হয়ে দেখি গোটা চল্লিশেক গাড়ি। মন্ত্রী নিজেই একতলা থেকে চারতলা পর্যন্ত উঠে প্রতিটি শ্রেণিকক্ষ দেখেছেন। ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট তিনি কলেজে অবস্থান করেছেন। এরপর নাটোরের অনুষ্ঠানে চলে গেছেন।’


অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আনতে তাঁরা বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হচ্ছেন না। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে। কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি পরিস্থিতি নজরদারিতে রাখার জন্য তাৎক্ষণিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।