১২ অগ্রহায়ণ, ১৪৩৩
২৬ নভেম্বর, ২০২৬
News Banner

রাজশাহীতে স্বর্ণের বলে লোহার বার বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ২

Admin Published: November 26, 2026, 1:24 pm
রাজশাহীতে স্বর্ণের বলে লোহার বার বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ২

ডিএনএন ডেস্ক: রাজশাহীতে স্বর্ণের বার বলে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত লোহার বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহীর কর্ণহার থানার কৈকুড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার জাহিদ হোসেন (২৮)। বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। এতে তিনজন যাত্রী ছিলেন। এ সময় একজন পালিয়ে যান। পরে অপর দুজনের দেহ তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।


পরে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। এতে সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বহন করতেন। জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।


পুলিশ জানায়, উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।



এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোডে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।