৪ অগ্রহায়ণ, ১৪৩৩
১৯ নভেম্বর, ২০২৬
News Banner

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

Admin Published: November 17, 2026, 2:58 pm
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।  তবে চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে নেমে পালিয়ে গেছেন সন্দেহভাজন এক যাত্রী। পরে বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরের শাহ মখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।



মঙ্গলবার সকালে এসআরবি-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল সিটিহাট বাইপাস এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।


বাসের যাত্রীদের ভাষ্য, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যান।  ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাঁর নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।



এসআরবি জানিয়েছে, পলাতক ওই যাত্রীর পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আর উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায়  একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।