৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছে সরকার’

Admin Published: November 21, 2024, 5:35 pm
‘শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছে সরকার’

স্টাফ রিপোর্টার : শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম বলেছেন, সরকার শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছে। সেই লক্ষ্যে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার কাজ চলছে।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, চলমান চতুর্থ শিল্প বিপ্লবকে বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত করতে প্রয়োজন আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সে চাহিদা পূরণ করতে পারে এজন্য পরিকল্পনা প্রণয়নে আমাদের কৃতবিদ্য শিক্ষক ও গবেষকগণ যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান অবকাঠামোর উন্নয়নসহ নতুন অবকাঠামোর চাহিদা পূরণেও সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, শিক্ষা এমন একটি ক্ষেত্র যার পরিকল্পনা ও উন্নয়নে প্রয়োজন শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞজন। শিক্ষকতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনায় যোগ্য লোককে নিয়োগের মাধ্যমে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে। রাবির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অধিকতর উন্নয়নসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করে উপাচার্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে উন্মুক্ত মতবিনিময় পর্বে পেশাগত বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর মনোযোগ আকর্ষণ করা হলে তিনি সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় অন্যান্যের মধ্যে রাবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপউপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান বক্তব্য রাখেন। পরে রাবি উপাচার্য প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।