১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি এখনো বন্ধ হয়নি : নাহিদ ইসলাম

Admin Published: December 21, 2024, 5:04 pm
সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি এখনো বন্ধ হয়নি : নাহিদ ইসলাম

ডিএনএন ডেস্ক : সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি এখনো বন্ধ হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি আগে এক দল করছিল, এখন অন্য দল করছে।


শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সড়কের নৈরাজ্যের সঙ্গে একটা পলিটিকাল প্রভাব জড়িত। এজন্য খুব সহজে সমাধান হবে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।


দুর্নীতির সঙ্গে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।


তিনি আরও বলেন, ভবিষ্যতে জনবান্ধন উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করা হবে।


এ সময় বিআরটিএ চেয়ারম্যান জানান, কোনো পুরাতন বাস রাখা হবে না। সময় দেওয়া আছে, এর মধ্যে ব্যবস্থা নেন। এ ছাড়াও সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে।


সংলাপ অনুষ্ঠানে অংশ নেন এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।