২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের ছক ইনফান্তিনোর

Admin Published: July 13, 2026, 3:53 pm
২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের ছক ইনফান্তিনোর

ডিএনএন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৬ বিশ্বকাপে ৩২ দলের সনাতন রূপ বদলে দলসংখ্যা ৪৮-এ উন্নীত করা হয়েছে। ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে ৬৪ দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখবে ফিফা। সুইস সংবাদমাধ্যম ‘ব্লুউইন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।ইনফান্তিনোর মতে, ৪৮ দলের বর্তমান ফরম্যাটটি মাঠের খেলায় এবং ব্যবসায়িক দিক থেকে ‘শতভাগ সফল’ হয়েছে। যদি ২০৩০ আসর থেকে ৬৪ দলের এই নতুন প্রস্তাব কার্যকর হয়, তবে ২০২৬ বিশ্বকাপের তুলনায় আরও ১৬টি দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে।



ফিফা সভাপতি এই ভাবনার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল কেবল ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার একক সম্পত্তি নয়, এটি পুরো বিশ্বের হওয়া উচিত। প্রতিটি দেশেরই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখার অধিকার রয়েছে। বড় মঞ্চে সুযোগ পেলে অপেক্ষাকৃত ছোট ফুটবল শক্তিগুলোও তাদের লক্ষ্য ঠিক রাখতে পারবে এবং ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত হবে।


বিশ্বকাপকে ৬৪ দলে রূপ দেওয়ার এই মাস্টারপ্ল্যানটি প্রথম সামনে আসে ২০২৫ সালের মার্চে। ফিফা কাউন্সিলের এক সভায় উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো প্রথম এই ধারণাটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা (কনমেবল)-এর সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেসও বিষয়টিকে জোরালো সমর্থন দিয়ে বলেছেন, বিশ্বকাপের ১০০ বছর পূর্তির আসরটি যদি ৬৪ দল নিয়ে করা যায়, তবে সেটি হবে ‘স্বপ্নের মতো’।



২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয়টি দেশে। উদ্বোধনী পর্যায়ে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে একটি করে ম্যাচ আয়োজন করবে। বাকি অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। তবে ৬৪ দলের ফরম্যাট চালু হলে দক্ষিণ আমেরিকার তিন দেশ পূর্ণাঙ্গ গ্রুপ পর্ব আয়োজনের দাবিও তুলতে পারে, কেবল প্রতীকী ম্যাচ নয়।


তবে এই প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ইতোমধ্যে এটিকে খারাপ ধারণা বলে মন্তব্য করেছেন। তার মতে, এতে বিশ্বকাপের মান ক্ষতিগ্রস্ত হবে এবং বাছাইপর্বের গুরুত্বও কমে যাবে। একই অবস্থান নিয়েছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তালিয়ানিও।