২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Admin Published: July 27, 2026, 5:58 pm
২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডিএনএন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।


এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এবারের সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।


সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।