৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

আইনজীবী না পাওয়ায় আ.লীগের সেই নেত্রী জেলে

Admin Published: November 22, 2024, 11:28 pm
আইনজীবী না পাওয়ায় আ.লীগের সেই নেত্রী জেলে

ডিএনএন ডেস্ক : গ্রেফতারের পর আদালতে নিজের পক্ষে কোনো আইনজীবী না পাওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।


চাঁদাবাজি এবং সন্ত্রাসী হামলার অভিযোগে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার ভোরে তাকে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করে। মামলাটির বাদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।


এদিকে আওয়ামী লীগ নেত্রী রিয়া জোয়ারদারকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করার খবর পেয়ে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জড়ো হয়। 


আবদুর রশিদ নামে একজন আইনজীবী তার জামিনের জন্য চেষ্টা করছেন জানতে পেরে ছাত্রদল কর্মীরা তার ওপর চড়াও হয়। এ সময় প্রশান্ত নামে ওই আইনজীবীর একজন সহকারীকে তারা মারধরও করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


এ ঘটনার পর আদালতে অন্য আইনজীবীরা উপস্থিত থাকলেও কেউই রিয়া জোয়ারদারের পক্ষে জামিনে অংশ না নেওয়ায় সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানো হয়।


এ বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ ছাত্রদল কর্মীদের হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি।


শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদারের বিরুদ্ধে শ্রীপুর থানায় দায়েরকৃত মামলাটির বাদী একই উপজেলার সারঙ্গদিয়া গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী আবু সাইদ শেখ।


মামলায় তার অভিযোগ নিজ দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন; কিন্তু না পেয়ে ২০২২ সালের ১২ মে তারিখ ভোর ৫টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার ওপর হামলা চালায়।