ডিএনএন ডেস্ক : চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।
শনিবার (৩ আগস্ট) পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কথা জানান। এর আগে সকালে সমন্বয়কদের সঙ্গে আওয়ামী লীগ বসতে চায় বলে খবর প্রকাশিত হয়েছিল।
খবরে বলা হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমনটাই নির্দেশনা দিয়েছেন।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকারের সঙ্গে আলোচনায় যাবেন কিনা সেই প্রশ্নে “সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই” বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।
শনিবার (৩ আগস্ট) আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “খুনি সরকারের সাথে কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তাদের সাথে আলোচনার কোন পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোন বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোন সংলাপ হয় না।”