২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

আমিরকে নিয়ে কাজলের রসিকতা

Admin Published: June 14, 2026, 6:01 pm
আমিরকে নিয়ে কাজলের রসিকতা

ডিএনএন ডেস্ক: ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরীকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ের আগে বন্ধুদের কাছ থেকে একটু মজার খোঁচাও শুনতে হলো এই অভিনেতাকে।


সম্প্রতি আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রডাক্টশনস ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা, নির্মাতা ও কলাকুশলী। সেখানে আমিরকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী কাজল।


অনুষ্ঠানে আমিরের প্রযোজনা সংস্থার প্রশংসা করে কাজল বলেন, ‘আমির খানের ব্যাপারে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে তার অসাধারণ রুচি আছে। ‘লগান’ থেকে শুরু করে এখন পর্যন্ত তার প্রযোজিত ছবিগুলো তারই প্রমাণ।’



 


এরপরই তিনি মজার ছলে যোগ করেন, ‘সিনেমা বাইছাইয়ের পাশাপাশি নারীদের ক্ষেত্রেও তার রুচি দারুণ!’ কাজলের এমন মন্তব্যে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়। আমির খানকে দেখা যায় কিছুটা লজ্জা পেতে।


অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে ওঠে ১৯৯৭ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ইশক’ এর তারকাদের পুনর্মিলনীতে। প্রায় তিন দশক পর একই মঞ্চে দেখা যায় আমির খান, কাজল ও জুহি চাওলাকে।


উল্লেখ্য, এর আগে আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। দুই সংসারেরই বিচ্ছেদ হলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে এখনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। সূত্র: এনডিটিভি