রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ৫ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে রানার আপ হয়।প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টের মধ্যে রাবি ৯টিতে স্বর্ণ, ২টিতে রৌপ্য ও ৪টিতে ব্রোঞ্চ পদক লাভ করে। প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নেয়।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাবি দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রশিক্ষণ ও অধ্যাবসায়ের মাধ্যমে আগামীতেও রাবি দল ক্রীড়াক্ষেত্রে বিশেষ নৈপুন্য প্রদর্শন ও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজয়ী রাবি দল রবিবার এক আনন্দ শোভাযাত্রাসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তারা উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খানের নিকট চ্যাম্পিয়ন ট্রফিটি হস্তান্তর করে।