ডিএনএন ডেস্ক : ফুটবল বিশ্বকাপে এক যুগ পর শেষ হাসি হাসলো ব্রাজিল, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে। রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
এদিন ম্যাচের প্রধামার্ধেই দুই গোলে পিছিয়ে পরে আর্জেন্টিনা। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় ব্রাজিল। এরপরই সমতায় ফেরার সুযোগ ছিলো আর্জেন্টিনার, কিন্তু ব্রাজিলের গোলরক্ষকের দারুণ দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় সেলেসাওরা। উল্টো বিরতির আগে গোল খেয়ে দুই গোলে পিছিয়ে পরে আর্জেন্টিনা।
বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। ব্রাজিলের ফুটবলারদের দারুণ দৃঢ়তায় কোনোভাবেই চীড় ধরাতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত গোল দিয়ে ম্যাচে ফিরতে মরিয়া আর্জেন্টিনা খেলা শেষের দুই মিনিট আগে ব্যবধান কমিয়ে ২-১ করে। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মাতে ব্রাজিল।
ফুটবলের মতোই ফুটসালেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তারা সবশেষ শিরোপা জিতেছিল ২০১২ সালে। আর আর্জেন্টিনা ২০১৬ সালে একবার শিরোপা জিতেছে।
এবার দাপট দেখিয়ে ফাইনালে উঠে ষষ্ঠ শিরোপা ঘরে তুলে হেক্সা মিশন সম্পন্ন করলো ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে।