৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

আরও ২ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

Admin Published: July 15, 2025, 1:28 pm
আরও ২ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

ডিএনএন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন আরও দুই ফিলিস্তিনি সাংবাদিক। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।প্রতিবেদনে জানানো হয়, ফাদি খলিফা নামে এক সাংবাদিক দক্ষিণ-পূর্ব গাজার আল-জাইতুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ি পরিদর্শনের সময় ইসরায়েলি হামলার শিকার হন। তার সঙ্গে আরও একজন নিহত হন বলে জানা গেছে।


অন্যদিকে, আল-কারারা এলাকায় একটি তাঁবুতে অবস্থানরত ফটোসাংবাদিক হুসাম সালেহ আল-আদলুনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এই হামলায় তার স্ত্রী সুয়াদ ও তিন সন্তানও প্রাণ হারান।


ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলের সহিংসতার কালো অধ্যায় দিন দিন আরও দীর্ঘতর হচ্ছে।


২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২৩১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, এ সংখ্যা ১৭৮, যাদের মধ্যে ১৭৬ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরায়েলি সাংবাদিক রয়েছেন।


এদিকে, গাজাজুড়ে চলমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, রোববারের হামলায় অন্তত ৯২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫২ জন কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের বাসিন্দা।