১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

আরও দুই মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-পলক-দীপুমনি

Admin Published: September 25, 2024, 12:14 pm
আরও দুই মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-পলক-দীপুমনি

ডিএনএন ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আরও দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় ভিকটিম সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।


বুধবার (২৫ সেপ্টেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।


গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানার একটি মামলায় পরদিন ২০ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২৪ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।


গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১ সেপ্টেম্বর পৃথক দুই হত্যা মামলায় তার তিনদিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বাড্ডা লিংক রোড দিয়ে ভিকটিম সোহাগ মিয়া তার কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে নিহত হন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


গত ২০ জুলাই মেরুল বাড্ডায় হাফিজুল শিকদার গুলিতে নিহত হন। এ ঘটনায় তার বাবা বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।