ডিএনএন ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় তিন নারী শ্রমিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহত তিন শ্রমিক হলেন সিরাতুব, রেখা ও সুইটি। তারা সবাই নিউ এইজ গ্রুপের কর্মী। আহতদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। অন্যদিকে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় আগে থেকেই ২২টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে ৪৬টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিক নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ সুপার জানান, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার পর উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ কারখানার ফ্লোরে অবস্থান নেন। সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যান। তবে তাদের একটি অংশ কারখানার ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির জানালার কাচ ভাঙচুর করেন। শ্রমিকদের একটি অংশ পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সতর্ক করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় দৌড়াদৌড়ির মধ্যে পড়ে গিয়ে এক নারী শ্রমিক মাথায় এবং অন্য দুজন পায়ে আঘাত পান।
এদিকে সাধারণ ছুটি ঘোষণা করা ২১টি কারখানার মধ্যে রয়েছে সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড, কমপ্লিট কম্পোজিট লিমিটেড ও উচু ফ্যাশন লিমিটেড।
অন্যদিকে ম্যাংগো টেক্স এবং সাদ গ্রুপের নাঈম নিটওয়্যার লিমিটেড ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।
শিল্প পুলিশ জানায়, ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ থাকা ২২টি কারখানার মধ্যে রয়েছে সুসুকা নিট লিমিটেড, রেডিয়্যান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন লিমিটেড।
পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও জোরদার করা হয়েছে।