৯ অগ্রহায়ণ, ১৪৩৩
২৩ নভেম্বর, ২০২৬
News Banner

টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

Admin Published: November 23, 2026, 5:35 pm
টানা নয় দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

ডিএনএন ডেস্ক: দেশের বাজারে টানা ৯ দফায় কমার পর বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।


চলতি মাসে দেশের বাজারে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে আরও ৮ দফায় কমানো হয় স্বর্ণের দাম। এর মধ্যে গত ১১ নভেম্বর টানা দ্বিতীয় দফায় ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর তৃতীয় দফায় ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর চতুর্থ দফায় ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর পঞ্চম দফায় ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ষষ্ঠ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।


পরবর্তীতে গত বৃহস্পতিবার আবারও সপ্তম দফায় দেশের বাজারে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা এবং শুক্রবার ভরিপ্রতি একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। সবশেষ শনিবার রাতেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে।


স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।