৯ অগ্রহায়ণ, ১৪৩৩
২৩ নভেম্বর, ২০২৬
News Banner

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের পাশাপাশি সংস্কারও জরুরি: নাহিদ

Admin Published: November 23, 2026, 5:25 pm
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের পাশাপাশি সংস্কারও জরুরি: নাহিদ

ডিএনএন ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা, জুলাই গণ-অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। জেলা পর্যায়ে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিলসহ সামগ্রিক আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান, সে জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।


গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ফেব্রুয়ারি শেষ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন চুক্তির আলোচনায় বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে ভারতের কাছে কঠোর বার্তা দিতে হবে। এ বিষয়ে সরকার কোনো ধরনের আপস করবে না বলে তারা প্রত্যাশা করেন।


শেখ হাসিনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে তারা ৫ আগস্টই পরাজিত করেছেন। তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করতে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিচ্ছে। আওয়ামী লীগ ও তাদের দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ কারণে বর্তমান পরিস্থিতিকে কেবল আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির রাজনৈতিক বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই।


সম্প্রতি সীমান্তের ওপারে বাংলাদেশবিরোধী সমাবেশ এবং সেখানে আওয়ামী লীগের পলাতক নেতাদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অপতথ্য ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়গুলোও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।


নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের আলেম-ওলামা, মাজার ও দরগাকেন্দ্রিক সুফি সম্প্রদায়, সাংস্কৃতিক কর্মী, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সামাজিক শক্তির সঙ্গে সরকারের আলোচনা করা প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ রেখে বাংলাদেশবিরোধী অপতথ্য ও আধিপত্যবাদী তৎপরতা মোকাবিলা করতে হবে।


তিনি বলেন, জাতীয় ঐক্য শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জুলাই গণ-অভ্যুত্থান এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তি অংশ নিয়েছে, তাদের সবাইকে নিয়ে ঐক্যের ভিত্তি তৈরি করতে হবে। এজন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়ন করা প্রয়োজন। বিষয়টি শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না; ভবিষ্যতেও আওয়ামী লীগ ও ভারত-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।


বাংলাদেশের জন্য একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, দেশে আগে আওয়ামী লীগের দলীয় পররাষ্ট্রনীতি ছিল, বিএনপিরও নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল। কিন্তু আধিপত্যবাদ মোকাবিলা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি থাকা প্রয়োজন।


তিনি বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ ও স্বাধীন বিচার বিভাগসহ প্রয়োজনীয় সংস্কার ছাড়া গণতন্ত্র টেকসই হবে না। সংস্কারকে জাতীয় ঐক্যের অন্যতম প্রধান এজেন্ডা করতে হবে।


বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলে জানান নাহিদ ইসলাম।


তিনি বলেন, প্রধানমন্ত্রী আলোচনাগুলো অব্যাহত রাখতে চান এবং এনসিপির উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করবেন বলে জানিয়েছেন।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এনসিপির আনুষ্ঠানিক দাবির অংশ। দলটির বিচার কার্যক্রমও চলমান রয়েছে। তবে জাতীয় ঐক্যের ক্ষেত্রে শুধু ফ্যাসিবাদবিরোধী অবস্থান নয়, গণতান্ত্রিক সংস্কার ও জনগণের আস্থা অর্জনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।


সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি তারা আলোচনায় তুলেছেন। সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।


বৈঠকটি নিয়ে সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু আলোচনা করলেই হবে না, আলোচনার পর সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। সরকার যদি বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখে, জনগণের আস্থা অর্জনে উদ্যোগ নেয় এবং উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে কাজ করে, তাহলে বৈঠক সফল হয়েছে বলা যাবে। তারা শুধু আলোচনার জন্য আলোচনা চান না, আলোচনার ফলাফল দেখতে চান।


তিনি বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে এনসিপি নিজস্ব অবস্থান থেকে লড়াই চালিয়ে যাবে। এ লড়াই কোনো দলীয় ঐক্যের বিষয় নয়, বরং বাংলাদেশের জনগণের ঐক্যের বিষয়।