২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

বাঘায় ভুট্টাখেত থেকে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

Admin Published: April 10, 2025, 9:18 pm
বাঘায় ভুট্টাখেত থেকে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় একটি ভুট্টার খেত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর আমবাগান এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের চর কালিদাশখালীর আমবাগান এলাকার ফজল শেখের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।

স্থানীয়রা জানান- বিকেলে গবাদীপশুর জন্য বাড়ির অদূরে ঘাস কাটতে গিয়েছেন শফিকুল। সেখানে কে বা কারা তাকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তার ভাগ্নে আব্দুল হালিমকে খবর দেয়। এরপরে আব্দুল হালিম স্থানীয়দের সহযোগিতায় আহত শফিকুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোসা. কিসমত আরা রেশমী মৃত ঘোষণা করেন।

মাঠ পাহারাদার হাবলু বলেন, শফিকুলকে রক্তাক্ত অবস্থায় ভুট্টার খেতে পড়ে থাকতে দেখে তার ভাগ্নে আব্দুল হালিমকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় শফিকুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, অপরাধী সনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। নিহত শফিকুলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।