স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় প্রভাবশালী দখলদার সন্ত্রাসীদের কবল থেকে বিলসূতি বিল উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছে মৎস্যজীবী ও জমির মালিকরা। দীর্ঘ দিন ধরে স্থানীয় মৎস্যজীবী ওই বিলে মৎস্য আহরণ করে জীবন যাপন করে।
সম্প্রতি বিলটি স্বার্থন্বেসী মহল ইজারা নেয়ার নামে দখল নিয়ে বিলের ধারের মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা প্রদান করে আসছে। মাছ ধরতে গেলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়। এ থেকে বাঁচতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিলের ধারের কার্ডধারী কয়েকশ মৎস্যজীবী ও জমির মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানা যায়, উপজেলার দ্বীপপুর ও বড়বিহানালী ইউনিয়নের মাঝে বিলসূতি বিলের অবস্থান। বিলে প্রায় ৮ শতাধিক বিঘা জমি খাস থাকলেও অন্য জমি কৃষকদের মালিকানা রয়েছে। খাস জমি থাকায় ইজারা নিয়ে প্রকৃত মৎস্যজীবীরা প্রতিবারে মাছ দেয়। কিন্তু এবারে দ্বীপপুর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির নামে স্থানীয় সেলিম রেজা, ফজলুর রহমান, নজরুল ইসলাম, রেজাউল করিম, কামাল হোসেনসহ স্থানীয় প্রভাবশালী ও চাকরীজীবীরা লিজ নেয়ার নামে পুরা বিল দখল নিয়েছে। সরকারী কার্ডধারী মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, সৈয়দ আলী প্রামানিক, বাচ্চু প্রামানিক, মাসুদ রানাসহ অনেকে জানান, যুগ যুগ ধরে বিলে মাছ ধরে এলাকার জেলে পরিবার জীবিকা নির্বাহ করছেন। তবে প্রভাবশালীরা বিল লিজ নেয়ার নামে বিলটিতে মাছ ধরতে দিচ্ছে না।
এতে মাছ শিকার বন্ধ হওয়ায় জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। দ্বীপপুর গ্রামের বিলের জমির মালিক ইমরান হোসেন, জাহেদুর রহমান, লুৎফর রহমান জানান, বিলের ৫শত বিঘার মত খাস থাকলেও প্রভাবশালীরা বিশাল বিলটি দখলদারি করছে। বিলটি কৌশল করে লিজ নেয়ার বিষয় অভিযোগ করেছেন তারা। অবিলম্বে বিলটি উন্মুক্ত করে জেলেদের মাছ শিকারসহ এলাকার জনসাধারনকে পানি ব্যবহারের সুযোগ দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।