৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাজারে কমেছে সবজির দাম

Admin Published: August 30, 2024, 1:13 pm
বাজারে কমেছে সবজির দাম

ডিএনএন ডেস্ক : বাজারে সরবরাহ ভালো থাকায় কমেছে সবজি ও মাছের দাম। তবে মুদিবাজারে পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।


শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, প্রতিটি পিস লাউ ৬০, বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৪০ টাকা, চিচিঙ্গা ৫০, দেশি শশা ৬০, বরবটি ৭০, ঢেড়শ ৫০, পটল ৫০, কুমড়া ৩০ টাকা, কাঁকরোল ৭০, কচুরমুখী ৬০ টাকা, জালি কুমড়া ৫০ টাকা পিস, মিষ্টি কুমড়া ৩০, মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।


সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কমেছে। এখন মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। চাষের পাঙাস কেজি ১৮০ থেকে ১৯০টাকা, তেলাপিয়া ২০০, কই ২০০ টাকা, শিং ৪০০ টাকা, কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা, পাবদা মানভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৫০০ টাকা, সাগরের চাপিলা মাছ ১৫০ টাকা, এবং এক কেজি ওজনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০টাকায়।



এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগির দামও কমেছে, বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। লাল মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৫০থেকে ১৫৫ থাকা।


অন্যদিকে, মুদিবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০টাকা। আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায। রসুন ২৪০ ও আদা ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। 


এদিকে, বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫-৭২ টাকায়, আটাশ চাল ৫৭-৫৯ টাকা, নাজিরশাইল ৭১-৭৩ টাকা, কাটারি নাজির ৭৭-৭৯ টাকা, কাটারি আতপ চাল ৬৬-৬৮ টাকা, চিনিগুড়া মানভেদে বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।


রাজধানীর নিউমার্কেটের সবজি বিক্রেতা সোলেমান মিয়া রাইজিংবিডিকে জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের সবজির দাম কিছুটা কম।


রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী রুনা বেগম রাইজিংবিডি বলেন, এখন দেখছি ছাত্ররা বাজারে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি অভিযান পরিচালনা করছে। যাতে বিক্রেতারা বেশি দাম রাখতে না পারে আমাদের কাছ থেকে। এটা একটি ভালাে উদ্যোগ, আমরা আশা করি এরকম তদারকি নিয়মিত থাকলে আগামীতে আরও দাম কমবে।