৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাজেট ঘোষণার প্রভাব পড়েনি জিনিসপত্রের দামে

Admin Published: June 12, 2026, 5:03 pm
বাজেট ঘোষণার প্রভাব পড়েনি জিনিসপত্রের দামে

ডিএনএন ডেস্ক: বিএনপি সরকার গঠনের পর বৃহস্পতিবার (১১ জুন) প্রথম বাজেট ঘোষণা করেছে। তবে বাজেট ঘোষণার প্রভাব রাজধানীর খুচরা বাজারের জিনিসপত্রের দামে এখনও পড়তে শুরু করেনি।শুক্রবার (১২ জুন) রাজধানীর কারওয়ান কাঁচাবাজার ও মাছ-মাংসের বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।ক্রেতা ও বিক্রেতারা বলছেন, অধিকাংশ পণ্যের দাম আগের মতোই রয়েছে, কোথাও উল্লেখযোগ্য বৃদ্ধি বা হ্রাস হয়নি।


সরবরাহ স্বাভাবিক থাকায় আগের দামেই জিনিসপত্র বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায় এবং পেঁয়াজের পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। সবজির মধ্যে পেঁপে প্রতি কেজি ৩৫-৪০ টাকায়, করলা ৭০-৮০ টাকায়, গোল বেগুন ৮০ টাকায়, সাদা বেগুন ৬৫-৭০ টাকায়।


এ ছাড়া টমেটো ৭০-৭৫ টাকায়, ঢেঁড়স ৫০-৬০ টাকায়, কুমড়া ৪০-৫০ টাকায় এবং লেবুর হালি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।ছাড়া ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫ থেকে ১৩০ টাকায় এবং হাঁসের ডিমের ডজন ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।


মাছের বাজারেও দামে বড় কোনো পরিবর্তন নেই। তেলাপিয়া মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৬০০ টাকা এবং শিং মাছ ৩৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকারভেদে ৭৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


মাংসের বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।


কারওয়ান বাজারে বাজার করতে আসা দিপু ইসলাম বলেন, বাজেট ঘোষণার পর এবারই কোনো পরিবর্তন হয়নি। সব কিছুর দাম আগের মতোই রয়েছে।ব্যবসায়ীরা বলছেন, বাজেটে কর-শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তের বাস্তব প্রভাব বাজারে পড়তে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। আগে বাজেটের আগে সরবরাহ কম থাকত। এবার স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল রয়েছে।