৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

Admin Published: December 21, 2025, 11:36 pm
বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

ডিএনএন ডেস্ক: ফুটবলের মতো ক্রিকেটেও উন্নতি করতে বদ্ধ পরিকর সৌদি আরব। স্বল্প সময়ে ভালো দল গঠনের লক্ষ্যে উপমহাদেশ এবং আশেপাশের দেশগুলোর থেকে ক্রিকেটার নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে ক্রিকেটার এবং কোচ চেয়ে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করে।


ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি। ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে ক্রিকেটে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য হাতে নিয়ে এগোচ্ছে সৌদি আরব। ভিন দেশি ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি আরবের জার্সিতে খেলানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ক্রিকেট কর্তারা। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্লেয়ার চেয়েছিল সৌদি।


সৌদি আরবের দেয়া প্রস্তাব ফিরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘সৌদি আরব আমাকে ২ মাস আগে প্রস্তাব দিয়েছিল তবে আমি মানা করে দিয়েছি। তারা আমাদের কাছে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটারই চেয়েছিল, সাথে চেয়েছিল কোচ। কিন্তু আমি নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কীভাবে তাদের কোচ-প্লেয়ার দিতে পারি?’


লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব লাভের মাধ্যমে সৌদি আরব এরমধ্যেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় ধরনের বিনিয়োগ করেছে। এখন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কৌশলগত সমর্থনে তারা উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে।