ডিএনএন ডেস্ক: ঘন কুয়াশা ও বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। যশোরসহ ১৭টি জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। শিগগরিই শীতের হাত থেকে মুক্তি পাচ্ছেন না এসব অঞ্চলের বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। কমতে পারে তাপমাত্রাও। গত ২৬ ডিসেম্বর সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। পরদিন ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি। সপ্তাহ শেষে বুধ ও বৃহস্পতিবার তা আরও কমে দাঁড়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। অন্য অনেক জেলার অবস্থাও প্রায় একই।
কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতা বাড়তে থাকায় শহরে কমেছে লোকসমাগম। ঠান্ডায় সবচেয়ে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
এদিকে, তীব্র শীতে সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ যত্ন নিতে হবে বৃদ্ধ ও শিশুদের।
আবহাওয়া অধিদপ্তর বলছে, যশোরসহ ১৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যা থাকবে আরও কয়েকদিন। বাড়তে পারে বাতাসের গতিবেগ ও কুয়াশা।